আইএনবি ডেস্ক:কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহাগ জবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ‘শেখ হাসিনা ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার সময় আদালত চত্বরসংলগ্ন জবির তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। তাকে শনাক্ত করার পর উপস্থিত সবাই ঘিরে ফেলেন এবং এ সময় মারধরের ঘটনাও ঘটে। পরে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমন জানান, আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় পুনরায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনার তথ্য তাদের কাছে আগে থেকেই ছিল, যার পরিপ্রেক্ষিতে আদালতের পাশে সোহাগকে দেখতে পেয়েই আটক করা হয়। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবি, ককটেলসহ হাতেনাতে তাকে ধরা হয়েছে, তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আটকের সময় জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য ইমন ও শের আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, আটকের পর আহত অবস্থায় শামীম আলী সোহাগকে প্রাথমিক চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে সূত্রাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন 
























