আইএনবি ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দলীয় দায় স্বীকার করেছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তবে হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামিন আবেদন শুনানির সময় তিনি এসব কথা বলেন।
শুনানিতে লতিফ সিদ্দিকী ট্রাইব্যুনালকে বলেন, শাপলা চত্বরের ঘটনার সময় তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন এবং তৎকালীন দলের নেতা হিসেবে তিনি তাঁর দায় স্বীকার করছেন, তবে হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন না। বার্ধক্যের কারণ দেখিয়ে তিনি জামিনের আবেদন জানান। এ সময় আদালতে হাজির করার প্রক্রিয়া নিয়ে অভিযোগ করে তিনি বলেন, তাদের হেলমেট পরিয়ে জোর করে আনা হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সোমবার দুপুর ১২টা ৫৫ মিনিটে এ মামলার ১১ আসামিকে হাজির করা হয় এবং বেলা ২টায় শুনানি শুরু হয়। আসামিদের মধ্যে আটজনকে পেছনে হাতকড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয়। তবে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, শাহরিয়ার কবির এবং সাংবাদিক ফারজানা রূপাকে এসব নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই হাজির করা হয়। এ ছাড়া আদালতে হাজির হওয়া অন্য আসামিদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হাসানুল হক ইনু, ডা. আবদুর রাজ্জাক, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, মোজাম্মেল হক বাবু এবং মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে নেওয়ার সময় শামসুল হক টুকু ও আবদুল জলিল মণ্ডল কিছুটা বাধা দিলেও জিয়াউল আহসান মাথা নিচু করে নীরবে প্রবেশ করেন।
আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছেন। মুলতবির আগে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। উল্লেখ্য, মোট ৪১ জন আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন পলাতক এবং ১১ জন কারাগারে রয়েছেন। গত ১২ নভেম্বর প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম শাপলা চত্বরে ৩২ জন এবং দেশের বিভিন্ন স্থানে ও সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার দুটি অভিযোগে ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন।
এদিকে মানবতাবিরোধী অপরাধের আরেকটি পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকেও এদিন হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে 




















