আইএনবি ডেস্ক: সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও ব্যাপক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। বিরোধী দলের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সুনির্দিষ্ট অভিযোগের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদের বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় সংসদে দফায় দফায় হট্টগোল ও উচ্চস্বরে চেঁচামেচি শুরু হলেও পরবর্তীতে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অধিবেশনে সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ প্রদান এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে কৃষিমন্ত্রীর কাছে তীব্র ব্যাখ্যা চান হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, সারের ২৮ জন ডিলারের সবাই বিএনপির এবং তাদের মধ্যে ১০ জনই বিভিন্ন নেতার স্ত্রী, সন্তান ও ভাগনি। বিশেষ করে নাটোরে এক ছাত্রদল নেতাকে এক সংসদ সদস্যের সন্তানের হাতে কুপিয়ে হত্যার ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, অভিযুক্ত সেই সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।
এছাড়াও তিনি অভিযোগ করেন যে, সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো ক্ষেত্রে অর্থের বিনিময়ে ডিও (ডিও লেটার) দিয়েছেন এবং ১৫টি ইউনিয়নের বিপরীতে ৩০টি পর্যন্ত ডিও দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতে পুনরায় সুযোগ পান, মন্ত্রণালয় সে ব্যবস্থাও করে দিয়েছিল বলে দাবি করেন তিনি। এসব নিয়োগ সুপরিকল্পিত ছিল কি না এবং ডিলারশিপগুলো পুনরায় পর্যালোচনা করা হবে কি না—কৃষন্ত্রীর কাছে তার সুনির্দিষ্ট জবাব চান হাসনাত।
জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, সংসদ সদস্যের প্রশ্নে সারের ডিলার নিয়োগ নিয়ে ‘উৎসব’ করার কথা এসেছে এবং তিনি উৎসবকে ভালো অর্থে বোঝাতে চেয়েছেন। মন্ত্রীর এই মন্তব্যের পরই বিরোধী দলের সংসদ সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং হৈচৈ শুরু করেন।
হট্টগোলের মাঝেই কৃষিমন্ত্রী ডিলার নিয়োগ প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে জানান, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি রয়েছে, যার নেতৃত্বে যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসক (ডিসি) দায়িত্ব পালন করেন। নিয়ম ও বিধিবিধান অনুসরণ করেই জেলা প্রশাসক ও ইউএনওর কার্যালয় হয়ে আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। তিনি জানান, উপজেলা কমিটির যাচাই-বাছাই শেষে জেলা পর্যায়ের কমিটিতে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য উপদেষ্টা হিসেবে থাকেন এবং জেলা কমিটির সবার স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রীর এই বক্তব্যের পরও সংসদে উত্তপ্ত পরিস্থিতি বজায় থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপকে উদ্দেশ করে বলেন, সংসদ সদস্যদের কথা বলার যেমন অধিকার রয়েছে, তেমনি মন্ত্রীর জবাব শোনারও অধিকার রয়েছে। বিরোধীদলীয় নেতা না থাকায় সংসদ সদস্যদের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব চিফ হুইপের। বিরোধী দলের সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার আরও বলেন, “এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শুনেন।” পরবর্তীতে তাঁর মধ্যস্থতা ও হস্তক্ষেপে সংসদীয় অধিবেশনের পরিস্থিতি শান্ত হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

শেখ হাসিনা ও তার দল দেশের সংবিধান থেকে নিষিদ্ধ: রিজভী 





















