বরিশাল প্রতিনিধি: বরিশালে সড়ক নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে এক সাবঠিকাদারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না পেয়ে তাঁকে মারধর ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে।
রোববার (৮ নভেম্বর ২০২৬) ভুক্তভোগী সাব ঠিকাদার মোঃ রুস্তম হাওলাদার (৪৮) বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে গত শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন- মোঃ মাহবুব মোল্লা (৪৫), মোঃ সাকিব হাওলাদার (৩৫), মোঃ সজিব হাওলাদার (২৫) ও মোঃ মুবিন মোল্লা (২২), যাদের সবার বাড়ি মাধবপাশা ইউনিয়নে। এর মধ্যে প্রধান অভিযুক্ত মাহবুব মোল্লা ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবঠিকাদার রুস্তম হাওলাদার এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাস কাঠীর ২৬শ মিটার পিচ ঢালাই সড়কের নির্মাণ কাজে নিয়োজিত রয়েছেন। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় যাওয়ার পথে অভিযুক্তরা তাঁর কাজে বাধা দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ঠিকাদার ও তাঁর ছেলেকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ও মারধর করেন এবং এক পর্যায়ে ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল জোরপূর্বক নিয়ে যান। তবে চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রধান অভিযুক্ত বিএনপি নেতা মাহবুব মোল্লা দাবি করেন যে, তিনি ঠিকাদার রুস্তমের কাছে টাকা পান এবং ওই সড়কের কাজের পার্টনার (অংশীদার) আছেন। পাওনা টাকা না দেওয়ায় তিনি মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন এবং জ্যেষ্ঠ নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন বলে জানান তিনি।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী 





















