আইএনবি ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা এবং আইনি ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিও বিষয়টি শুনেছি এবং বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। তবে এর সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।” তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় যৌথভাবে বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে। আবেদনের কোনো আইনগত ভিত্তি আছে কি না, আবেদনটি নিয়মমাফিক করা হয়েছে কি না এবং একজন দণ্ডিত অপরাধীর এমন আবেদন করার অধিকার রয়েছে কি না—এসব আইনি খুঁটিনাটি খতিয়ে দেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, “প্রাথমিক দৃষ্টিকোণ (Prima facie case) থেকে আমি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় গ্রহণ করেন, ভারতের সঙ্গে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে, যাতে আইন অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।”
এ ছাড়া সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানসহ সারাদেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত রাজনৈতিক অপশক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা থেকে মাঝেমধ্যে কিছু বাস ও স্পর্শকাতর স্থাপনায় চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী 




















