গাজীপুর প্রতিনিধি: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে চলা শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় নতুন করে ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৩টি কারখানা শনিবার রাতে এবং বাকি ১৬টি রোববার সকালে বন্ধের নোটিশ দেয়।
শনিবার রাতে ১৩টি কারখানা বন্ধ থাকার কথা শ্রমিকদের জানানো হলেও, রোববার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। পরে কর্মস্থলে প্রবেশ না করেই তাদের ফিরে যেতে হয়, কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কারখানা চালু হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ জানায়, শ্রমিক অসন্তোষ দেখা দিলে এবং শ্রমিকেরা কাজে যোগ না দিলে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখতে বাধ্য হবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু জানান, শিল্পের নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় চলমান শ্রম অসৃঙ্খলায় ব্যাহত হওয়া কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রম আইনের এই ধারা অনুযায়ী, বেআইনি ধর্মঘটের ক্ষেত্রে মালিক পুরো বা আংশিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারেন এবং এ সময়ে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
উল্লেখ্য, গত মাসের শেষদিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন, যা ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সহিংস রূপ নিয়ে একজন শ্রমিকের প্রাণহানি ঘটে। শনিবারও গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এর আগে আশুলিয়ায় ৪০টি কারখানা বন্ধ ঘোষণা এবং সাতটিতে এক দিনের ছুটি দেওয়া হয়েছিল। এদিকে শ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং গত সোমবার দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব করেন; সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা,উত্তাল গাজীপুর 



















