আইএনবি ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রলবোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বরং প্রাথমিক তদন্ত ও ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছে সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে দেওয়া এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
ঘটনার বিবরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে যে টিনশেড আধা-পাকা ঘরটিতে আগুন লেগেছে, তার থেকে মাত্র ২০ মিটার দূরে একটি তিনতলা ভবনে তাঁর বাবা-মা বসবাস করেন। অগ্নিকাণ্ডের শিকার টিনশেড ঘরটিতে কেউ বসবাস করতেন না; সেখানে কেবল দুটি ছাগল ও কিছু আসবাবপত্র রাখা ছিল।
সালাহউদ্দিন আহমদ জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই পাশের থানা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার ওসি এবং বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যেই বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তের ফলাফল ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে এবং ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত মূল্যায়ন করে পেট্রলবোমা বিস্ফোরণের কোনো শব্দ বা দেয়ালে বোমার চিহ্ন মেলেনি। বাড়িটি পুরোনো হওয়ায় এবং এর বৈদ্যুতিক ওয়্যারিং অত্যন্ত দুর্বল থাকায় শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

ঢাকায় আকস্মিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত 



















