আইএনবি ডেস্ক: রাজধানীর বনানী এলাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর ২০২৬) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই তরুণের প্রাণহানির পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর ও একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
নিহত শাহরিয়ার রহমান শুভ্রর গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে। তাঁর বাবা মনির হোসেন এবং মা মোর্শেদা আক্তার মিতা। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট সংলগ্ন এলাকায় একটি ঘরে ভাড়া থাকতেন। ভোরে যখন আগুন লাগে, তখন তিনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় ঘর থেকে বের হতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে কলোনির পশ্চিমপাড়ায় হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা চেষ্টা চালিয়ে ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অন্তত সাত থেকে আটটি বসতঘর এবং একটি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
বনানী থানার ওসি সালাউদ্দিন অগ্নিকাণ্ডে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুড়ে যাওয়া একটি ঘর থেকে শুভ্রর মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত সাপেক্ষে ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারবে বলে জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা,উত্তাল গাজীপুর 























