সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক অসুস্থ গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের প্যাথলজি বিভাগের এক আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহমুদুল হাসান (২৪) নামের ওই কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহমুদুল হাসান সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া ঢালিপাড়ার নজরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, চিকিৎসা নিতে হাসপাতালে আসা ওই গৃহবধূকে বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন প্যাথলজি বিভাগে কর্মরত আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান। একপর্যায়ে তিনি ওই নারীকে প্রস্রাবের নমুনা নিয়ে আসতে বলেন। নমুনা নিয়ে এলে প্যাথলজি কক্ষের দরজা বন্ধ করে মাহমুদুল তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ওই গৃহবধূ বাড়িতে ফিরে তার স্বামীকে বিষয়টি জানান।
মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ তার স্বামীকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সদর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাহমুদুলকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বর্তমানে ভুক্তভোগীর প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য পুলিশি ব্যবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে 



















