চট্টগ্রাম প্রতিনিধি: আওয়ামী লীগকে পুনর্বাসন সংক্রান্ত খুদে বার্তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও মুখ খুলছেন না চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) বরখাস্ত হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বর্তমানে তাকে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কার্যালয়ে রেখে বেশ কিছু সুনির্দিষ্ট বিষয় সামনে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা।
রোববার চার দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালত থেকেই তাকে এসআরইউ কার্যালয়ে নেওয়া হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্বাসন সংক্রান্ত মোবাইল ফোনের বার্তা এবং ‘ডিসেম্বরে জীবনমরণ বাজি রেখে মাঠে নামা’ কিংবা ‘জনগণ মৌমাছির মতো মাঠে নামবে’—এ ধরনের টেক্সট কাদের কাছে ও কেন পাঠানো হয়েছিল, সে বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি তা বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এছাড়া তিনি আওয়ামী লীগ নেতাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত ছিলেন বলে জানতে পেরেছে তদন্ত সংস্থা, যা মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে। এদিকে এসপি জাহাঙ্গীরকে গ্রেফতারের পর চট্টগ্রামসহ সারাদেশে কর্মরত আওয়ামী লীগের সুবিধাভোগী অন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মামলার রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেছেন, এই অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের মূল উৎস ও নেপথ্যের পরিকল্পনা কোথায় তৈরি হয়েছিল, তা উদ্ঘাটন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি বর্তমান রাষ্ট্রকাঠামোকে উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় দেশ বা বিদেশে বসে আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লজিস্টিক বা অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে এবং এর পেছনে দেশি-বিদেশি কোনো কুচক্রী মহলের হাত রয়েছে কি না, সে রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।
সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাসেল মাহমুদ জানান, রোববার সন্ধ্যা থেকেই এসপি জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং পুরো ঘটনার নেপথ্য রহস্য উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে বিষয়টি বর্তমানে তদন্তাধীন থাকায় এ পর্যায়ে বিস্তারিত কিছু বলা সমীচীন হবে না বলে জানান তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে 




















