গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং আসবাবপত্র বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার মাত্র ২০০ ফুটের মধ্যেই তার এই ক্লিনিক ও কার্যালয়টি অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকার ‘আরাফ ক্লিনিক’-এর সামনে স্লোগান দিয়ে সমবেত হন। একপর্যায়ে তারা ওই ক্লিনিকের নিচতলায় অবস্থিত সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ও মালামাল বাইরে বের করে আনেন এবং সেগুলোতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। আকস্মিক এই হামলার পর আতঙ্কে ক্লিনিকটি থেকে চিকিৎসাধীন রোগীরা অন্যত্র চলে যান। উল্লেখ্য, ডা. কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিরও সদস্য।
এদিকে, একই রাতে জেলার কাশিয়ানী উপজেলায়ও রাজনৈতিক সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে। কাশিয়ানীর সাজাইল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকানে ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বসতবাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পুরো জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন 



















