আইএনবি ডেস্ক: রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকালে মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এই হামলা চালানো হয়। এতে কার্যালয়ের অন্তত দুই থেকে তিনজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার পর লাঠি, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক মানুষের একটি দল ভবনটিতে হামলা চালায়। হামলাকারীরা ভেতরে প্রবেশের চেষ্টা করলেও মূল ফটকের কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি। তবে এ সময় ভবনের সামনের কাচের দেয়াল ও লিফটের ঘেরাও অংশ ব্যাপকভাবে ভাঙচুর করা হয় এবং প্রশাসকের ছবিও ভেঙে ফেলা হয়। ঘটনার পর কার্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নেন।
কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, গত এক সপ্তাহ ধরে সম্ভাব্য হামলার বিষয়ে গোয়েন্দা তথ্য থাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন। ঘটনার সময় সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০-২৫ জন পুরুষ ও শতাধিক নারী অতর্কিত এই হামলা চালান। তিনি অভিযোগ করেন, হামলাটি সরাসরি প্রশাসককে লক্ষ্য করেই চালানো হয়েছে, কারণ ভবনের অন্যান্য অংশের চেয়ে তাদের কার্যালয়টিতেই বেশি ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে চালানো উচ্ছেদ অভিযান এই হামলার পেছনে অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করছেন তারা।
এদিকে কার্যালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলার সময় পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হলেও অধিকাংশ ভাঙচুরের ঘটনা শেষ হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও তাৎক্ষণিকভাবে সেখানে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্যকে দেখা যায়নি বলে জানা গেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন 






















