গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সুটকেস ও বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশের দুটি অংশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জয়দেবপুর থানাধীন ভবানীপুর এলাকায় মহাসড়কের পাশের একটি কালভার্টের নিচ থেকে এই লাশ উদ্ধার করা হয়, যা ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালভার্টের নিচে একটি কালো রঙের সুটকেস সন্দেহজনকভাবে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুটকেসটি খুলে এর ভেতর থেকে নারীর অর্ধগলিত লাশের কোমরের নিচের অংশ উদ্ধার করে। এরপর আশপাশে তল্লাশি চালিয়ে বস্তাবন্দী অবস্থায় লাশের বাকি অংশও উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই নারীর লাশটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছে এবং নিহতের পরিচয় শনাক্তসহ মৃত্যুর আসল রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করার পর লাশ টুকরো করে সুটকেস ও বস্তায় ভরে নির্জন এই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে। পুলিশ বর্তমানে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে এবং ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর 




















