বগুড়া প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ থাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচি বা সভা-সমাবেশ করারও বিন্দুমাত্র সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞার আওতাধীন কোনো দল যদি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করে, তবে তা সম্পূর্ণ বেআইনি গণ্য হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে। এ সময় নিষিদ্ধঘোষিত একটি দল সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কিছুটা বিব্রত বোধ করেন এবং জানান যে, বর্তমানে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা বা আলোচনা করাও উচিত নয়।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে মীর শাহে আলম জানান, বিগত স্বৈরাচারী শাসনামলে ক্ষতিগ্রস্ত নির্বাচনব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশ রয়েছে যেন স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়। এই উদ্দেশ্যে বাজেটে প্রায় ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
সংশোধিত আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কোনো মনোনয়ন বা দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও সাধারণ প্রতীকে। তবে মাঠপর্যায়ে দলের শৃঙ্খলা বা চেইন অব কমান্ড রক্ষার্থে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। কোনো এলাকায় একাধিক প্রার্থী থাকলে স্থানীয় পর্যায়ে সমঝোতার তাগিদ দেওয়া হবে, অন্যথায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তিনি শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ ও বেতগাড়ী মীর শাহে আলম বালিকা উচ্চবিদ্যালয়ের অনুকূলে দুটি স্কুলবাস হস্তান্তর করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে: নুরুল হক নুর 



















