আইএনবি ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের প্রভাব বিস্তারের ঝুঁকি কমাতে একটি উপজেলার সব ইউনিয়নে একই দিনে ভোট গ্রহণের সিদ্ধান্ত বিবেচনা করা হচ্ছে। নির্বাচন একাধিক ধাপে (পাঁচ বা ছয় ধাপে) অনুষ্ঠিত হলেও একটি উপজেলার সব ইউনিয়নে একই ধাপে ভোট হবে। তবে এ বিষয়ে এখনো কমিশন থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনগুলোর বিধিমালা ও আচরণবিধি পর্যালোচনার জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে ফাইল ফেরত এসেছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও পোস্টার ব্যবহার বন্ধ রাখার বিষয়টি আলোচনায় রয়েছে। এছাড়া, পূজা ও পরীক্ষা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে চলতি সপ্তাহেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের সম্ভাব্য তফসিল ঘোষণা করা হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় ২২ আগস্ট আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সংবিধান অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে এই উপনির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ 




















