পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে আদম আলী (৬০) নামের এক স্থানীয় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং একদন্ত ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চন্ডীপাশা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর তাঁকে লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আটঘরিয়া থানার ওসি মো. নাজমুল হক জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ 




















