কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সারের ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুটের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে রৌমারী মহিলা কলেজপাড়াস্থ মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কৃষকদের তথ্য অনুযায়ী, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওই ডিলার পয়েন্টে গভীর রাত থেকেই সারের জন্য অপেক্ষা করছিলেন এলাকার কৃষকরা। তবে দীর্ঘ সময় ধরে ডিলার উপস্থিত না হওয়ায় সকাল ১১টার দিকে উত্তেজিত জনতা গোডাউনের টিনের বেড়া ভেঙে শতাধিক বস্তার ইউরিয়া সার লুট করে নিয়ে যান।
ঘটনার বিষয়ে মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার মো. মতিয়ার রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণের পূর্বনির্ধারিত সময় ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় তিনি প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। এর মধ্যেই ধৈর্যহারা কৃষকরা গোডাউন ভেঙে সারগুলো নিয়ে যান।
পরিস্থিতি সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া জানান, এলাকায় সারের কোনো সংকট নেই এবং কৃষকরা ধৈর্য ধরে সার উত্তোলন করলে কোনো সমস্যা হবে না। তিনি আরও জানান, আগামী কাল থেকে খোলাবাজারে সার দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে এ বিষয়ে কোনো গুজব আর কাজ না করে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান জানান, তিনি নিজেই বিভিন্ন সার ডিলার পয়েন্ট ঘুরে মনিটরিং করছেন। একটি পয়েন্টে বিশৃঙ্খলা সৃষ্টির খবর পেয়ে তারা দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ 




















