আইএনবি ডেস্ক:সরকার সারা দেশে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকগুলোকে একটি সুশৃঙ্খল নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। সোমবার জাতীয় সংসদে এক মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কর্মসংস্থান ঠিক রেখে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর আগে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু অনিয়ন্ত্রিত অটোরিকশার কারণে সৃষ্ট বিদ্যুৎ অপচয়, রাজস্ব ক্ষতি, পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি এবং সড়ক দুর্ঘটনার বিষয়টি তুলে ধরে এগুলোকে ঢালাওভাবে উচ্ছেদ না করে নীতিমালার আওতায় আনার দাবি জানান।
নতুন নীতিমালা অনুযায়ী অটোরিকশা চলাচলের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করে দেওয়া হবে এবং মহাসড়ক বা প্রধান সড়কে এগুলো চলতে দেওয়া হবে না। এছাড়া পরিবেশবান্ধব ব্যাটারির ব্যবহার নিশ্চিত করা হবে এবং একটি নিবন্ধনের বিপরীতে একাধিক গাড়ি চালানোর জালিয়াতি রোধে ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোড যুক্ত করা হবে। বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে বিদ্যুৎ বিভাগের নজরদারি বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ভিত্তিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকাসহ আটক ৩ 




















