আইএনবি ডেস্ক: সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় বজ্রপাতের কারণে গ্যাসের রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের হোসেনপুর এলাকার আল-মাহমুদ এভিনিউয়ে মন্ত্রীর বাড়ির প্রধান ফটকের পাশে এই দুর্ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় এলাকায় একাধিকবার বজ্রপাত হচ্ছিল। এর একপর্যায়ে মন্ত্রীর বাসার প্রধান ফটকের কাছে গ্যাসের লাইনের অংশে হঠাৎ আগুন দেখতে পান তারা, যা আশপাশে আতঙ্ক সৃষ্টি করে। পরে বাড়ির নিরাপত্তাকর্মী জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম জানান, দুপুর ১টা ১৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভান। বাড়ির নিরাপত্তাকর্মীর দেওয়া তথ্য অনুযায়ী, বজ্রপাতের ফলেই গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়েছিল। এ ঘটনায় কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং পরবর্তীতে গ্যাস লাইনের ওই অংশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বজ্রপাত থেকে বিদ্যুৎমন্ত্রী টুকুর বাসায় আগুন 





















