আইএনবি ডেস্ক: দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই দীপ্ত উচ্চারণের মধ্য দিয়ে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ইতিহাস-সচেতন বর্তমান প্রজন্ম ৭ নভেম্বরের প্রেরণায় উজ্জীবিত ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর কখনোই পথ হারাবে না।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশ ও জাতির স্বাধীনতা রক্ষায় সিপাহী-জনতার ঐক্যের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতাবিরোধী অপশক্তি ও ষড়যন্ত্রকারীরা তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে পরিবারসহ গৃহবন্দি করেছিল। কিন্তু দেশপ্রেমিক সিপাহী ও জনতা ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্র রুখে দেয় এবং এর মাধ্যমেই জাতীয় ঐক্যের চেতনার বাতিঘর হিসেবে ৭ নভেম্বরের জন্ম হয়।
ঐতিহাসিক প্রেক্ষাপট ও সাম্প্রতিক শাসন ব্যবস্থার তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা মহাজোটের নামে একজোট হয়ে দেশে পুনরায় একদলীয় শাসন কায়েম করেছিল এবং বিডিআর পিলখানায় হত্যাযজ্ঞ ঘটিয়ে সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত করেছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো শহীদের প্রাণের বিনিময়ে সেই পরাজিত অপশক্তির পতন ঘটেছে এবং দেশ মুক্ত হয়েছে। এ সময় তিনি ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দেশের নাগরিকদের স্বাতন্ত্র্য ও পরিচয়ের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে তারেক রহমান বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের একটাই গর্বিত পরিচয়—‘আমরা বাংলাদেশি’। এই পরিচয়ই আমাদের ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করেছে। তিনি আরও বলেন, ইতিহাস কেবল অতীতের স্মৃতিচারণ নয়, এটি আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। বর্তমান সরকার তরুণদের মেধা ও সম্ভাবনা বিকাশে বদ্ধপরিকর।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে উপস্থিত হাজারো কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর উদ্দেশে উচ্চকণ্ঠে স্লোগান ধরেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ’। এ সময় পুরো স্টেডিয়ামজুড়ে উপস্থিত জনতা সমস্বরে প্রতিধ্বনি তুলে বলে ওঠে, ‘সবার আগে বাংলাদেশ’।
উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, ন্যাশনাল ক্যাডেট কোর এবং বাংলাদেশ স্কাউটস-এর যৌথ উদ্যোগে এই জমকালো প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী 





















