আইএনবি ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষ নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা বিবেচনায় নিয়ে দেশের প্রতিটি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে কঠোর তল্লাশি চালাতে বলা হয়েছে।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল ও নজরদারি বাড়ানোসহ যানবাহন তল্লাশির বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করতে বলা হয়েছে। এ ছাড়া দেশের যেসব অভ্যন্তরীণ বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেসব স্থাপনাতেও রাতের বেলায় নিয়মিত টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব উদ্যোগে উন্নত ক্যামেরা স্থাপনের পদক্ষেপ নিচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

নাশকতা ঠেকাতে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি 























