কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লা সদর হাসপাতালে রোববার (১৩ আগস্ট) সকালে টিকিট কাউন্টারের সামনে থেকে এক নবজাতক চুরির অভিযোগ পাওয়া গেছে।
চুরি হওয়া নবজাতকটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বারোপাড়া এলাকার জসিম উদ্দিন ও আয়েশা বেগম দম্পতির সন্তান।
নবজাতকের বাবা জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার (১০ আগস্ট) সদর হাসপাতালে আমার মেয়ের জন্ম হয়। আজ গাইনি চিকিৎসক দেখানোর জন্য আমার শাশুড়ি সন্তানকে কোলে নিয়ে টিকিট কাউন্টারে যান। সেখানে এক নারী আমার শাশুড়িকে বলে সে টিকিট কেটে দেবে। নবজাতককে তার কাছে দেওয়ার জন্য বলে। আমার শাশুড়ি তার কোলে দেন। এক পর্যায়ে কৌশলে ওই নারী আমার সন্তান নিয়ে পালিয়ে যান।
নবজাতকের নানি নূরজাহান বেগম বলেন, টিকিট কেটে দেবে বলে আমার কোল থেকে নাতনিকে নিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে ওই নারী টিকিট কাউন্টারের পেছনে গিয়ে আর আসেনি।
এ বিষয়ে কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল করিম খন্দকার বলেন, নবজাতকটি সুস্থ ছিল। গাইনি ডাক্তার দেখানোর কোনো পরামর্শ কেউ দেননি। স্বজনরা নিজ থেকেই চিকিৎসক দেখানোর জন্য শিশুটিকে নিয়ে বের হন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়েছি।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, নবজাতক উদ্ধার ও অপহরণকারীকে আটকে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল 

























