গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে এবং গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ৩-৪ মাস আগে কালীগঞ্জ বাজারে ঘড়ি কিনতে গিয়ে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত জাহিদ মুন্সির পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের আশ্বাসে তাকে বিভিন্ন গেস্ট হাউজ, আবাসিক হোটেল, রিসোর্ট ও আড়িখোলা রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন জাহিদ। এ সময় তিনি সুকৌশলে ভুক্তভোগীর ব্যক্তিগত গোপন ছবি ও ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন।
পরবর্তীতে ওই শিক্ষার্থী তাকে বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত এনসিপি নেতা তাকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। সর্বশেষ ভুক্তভোগী তার বড় বোনকে নিয়ে জাহিদের বাড়িতে গিয়ে জানতে পারেন যে, অভিযুক্ত জাহিদ এর আগেও একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নেতা পলাতক রয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ 






















