বাগেরহাট প্রতিনিধি: জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি এবং সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জ্বালানি তেলের মূল্য নির্ধারণের মতো স্পর্শকাতর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় শাহরিয়ার কবির রুবেলকে ইতিপূর্বে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়া হয়েছিল। তবে তিনি যে জবাব দিয়েছেন তা দলীয় নেতৃত্বের কাছে সন্তোষজনক ঠেকেনি। দলের নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে যে সরকারের কোনো পদক্ষেপ বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কোনো আপত্তি বা ভিন্নমত থাকলে তা সুশৃঙ্খলভাবে দলীয় ফোরামে আলোচনা করতে হবে। কিন্তু সেই অভ্যন্তরীণ প্রক্রিয়া এড়িয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে দলকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করেছেন।
এ ছাড়াও, প্রথম নোটিশ পাওয়ার পরও রুবেল থেমে থাকেননি এবং বিভিন্ন সরকারবিরোধী ফেসবুক পোস্টে ‘সহমত’ প্রকাশ করে বিতর্কিত মন্তব্য অব্যাহত রাখেন। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার এই অপরাধের প্রেক্ষিতে তাকে ওয়ার্ড সাধারণ সম্পাদকের পদসহ বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ২০ পুলিশসহ আহত অর্ধশতাধিক 



















