আইএনবি ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণে অস্বীকৃতি জানানো এবং বিশ্বকাপ থেকে বাদ পড়ার নেপথ্য কারণ অনুসন্ধানে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তাদের ২২ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে। জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল জানান, সংশ্লিষ্টদের বক্তব্য, গণমাধ্যমের প্রতিবেদন ও সামগ্রিক পর্যালোচনায় বাংলাদেশের বিশ্বকাপ না খেলার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও সেসময়ের সরকার দায়ী।
প্রতিবেদনে উঠে এসেছে যে, ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন এই উপদেষ্টার সিদ্ধান্তেই সায় দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তদন্ত কমিটির মতে, ওই সময়ে বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল। চলতি বছরের মার্চে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম অলিউল্ল্যাকে আহ্বায়ক এবং হাবিবুল বাশার সুমন ও ফয়সাল দস্তগীরকে নিয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
তদন্তের স্বার্থে জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত, বিসিবি সভাপতি তামিম ইকবাল, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন ক্রিকেটারের সাক্ষাৎকার নেওয়া হলেও, অভিযুক্ত সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও তৎকালীন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কমিটি।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ 






















