আইএনবি ডেস্ক: জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠনের নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে জাতীয় সংসদে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি জানান জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান।
সংসদে দেওয়া বক্তব্যে নাজিবুর রহমান অভিযোগ করেন, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা আইনজীবী রাহেদুল ইসলামকে তার গাড়ি থেকে জোর করে টেনেহিঁচড়ে বের করেন। তিনি নিজেকে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য হিসেবে পরিচয় দিলেও তাকে একটি কক্ষে আটকে রেখে নির্মমভাবে মারধর করা হয় এবং রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সুনির্দিষ্ট বিবৃতি এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নাজিবুর রহমান বলেন, ‘আমরা সবসময় মবের বিরুদ্ধে কথা বলি, কিন্তু এই ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সদস্যের ওপর এমন ন্যক্কারজনক হামলার বিষয়ে আমরা স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কার্যকর ভূমিকা ও বিবৃতি আশা করছি।’
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে 






















