আইএনবি ডেস্ক: আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান গণমাধ্যমকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার বন্ধ ও সংকটাপন্ন ঐতিহ্যবাহী শিল্পপ্রতিষ্ঠান কুষ্টিয়া সুগার মিল লিমিটেড ও মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, শিল্পায়নের সম্ভাবনা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। দীর্ঘদিন ধরে নানা সংকট ও অব্যবস্থাপনায় জর্জরিত কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ওই শিল্পপ্রতিষ্ঠান দুটি আবারও অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসবে বলে স্থানীয় মানুষ ও সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর এ অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন এবং বন্ধ মিলগুলো চালুর উদ্যোগের মাধ্যমে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইনজীবী রাহেদুল ইসলামের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি সংসদে 






















