আইএনবি ডেস্ক: রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কৃষক লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে উত্তরা পশ্চিম থানার রাজলক্ষ্মী এলাকা থেকে উত্তরখান থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দত্তকে (৫০) গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাতে লালবাগ এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা শিবলুকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৪টা ৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার একটি দল ৩ নম্বর সেক্টরের রাজলক্ষ্মী এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয় দত্তকে গ্রেপ্তার করে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর গোপন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে, বুধবার রাত ১০টা ১৫ মিনিটে লালবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি। পুলিশের ভাষ্যমতে, সম্প্রতি রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা এবং লালবাগ থানার ইরাকি মাঠ এলাকায় ভাঙচুর ও ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
ডিএমপি আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত এই দুই নেতার বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

ঢাকায় আকস্মিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত 






















