আইএনবি ডেস্ক: বিরোধিতা করতে গিয়ে পতিত আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা জুলাইয়ের শহীদদের সঙ্গে চূড়ান্ত প্রতারণার শামিল হবে বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং ‘ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ শীর্ষক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধীদলীয় রাজনৈতিক ভূমিকার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরেই বিরোধিতা করে যাচ্ছে এবং তারা মনস্তাত্ত্বিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে না। যে কারণে আমন্ত্রণ জানানো সত্ত্বেও তারা আজকের এই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়নি, যার মাধ্যমে প্রমাণিত হয় তারা আবারও তাদের সেই পুরনো ও নেতিবাচক অবস্থানে ফিরে গেছে। দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে জাতীয় ইস্যুতে মতপার্থক্য ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো অবকাশ নেই।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভুত্থানকে একই সূত্রে গাঁথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দুটি আন্দোলনের মূল লক্ষ্যই ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা। জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরে পেয়েছে এবং রক্তক্ষয়ী সংগ্রামের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। স্মৃতিস্তম্ভে খচিত ৮১৩ জন শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে বর্তমান সরকার আগামী পাঁচ বছর দেশবাসীর সেবা করতে বদ্ধপরিকর।
এ সময় চলমান জাতীয় সংকট ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এডিস মশা কোনো রাজনৈতিক দল দেখে আক্রমণ করে না, তাই ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানে বিরোধী দলসহ সব নাগরিককে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে এবং সব সময় পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী 
























