আইএনবি ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের পক্ষে নিজেই আত্মপক্ষ সমর্থন বা আইনি লড়াই করতে চেয়েছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে গিয়ে তার ছেলে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক) এই ইচ্ছার কথা জানান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ১৭ ধারা অনুযায়ী মামলার প্রয়োজনীয় নথিপত্র চেয়ে মৌখিক আবেদন করেন।
প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন গণমাধ্যমকে জানান, শামসুল হক টুকু নিজেও পেশায় একজন আইনজীবী হওয়ায় তিনি নিজে মামলা পরিচালনা করতে আগ্রহী। তার ছেলের আবেদনের পরিপ্রেক্ষিতে চিফ প্রসিকিউটর সংশ্লিষ্ট প্রসিকিউটরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। নিয়মানুযায়ী, তার পক্ষে পূর্বে অন্য কোনো আইনজীবী ওকালতনামা দাখিল না করে থাকলে তিনি নিজেই সমস্ত নথিপত্র পেতে পারেন। উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৭ অক্টোবর দিন ধার্য রয়েছে, যে মামলায় শামসুল হক টুকু বর্তমানে কারাগারে বন্দী আছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু নিজের মামলায় নিজেই লড়তে চান 





















