আইএনবি ডেস্ক: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
আজ রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে কর্নেল অলির প্রার্থিতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
জোট সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে একজন গ্রহণযোগ্য ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করার বিষয়ে ১১ দলীয় জোটের মধ্যে আলোচনা চলছিল। বিভিন্ন দিক পর্যালোচনার পর জোটের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়।
জোটের নেতারা মনে করছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ততা এবং রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের ভূমিকার কারণে রাষ্ট্রপতি পদে জোটের প্রার্থী হিসেবে উপযুক্ত অলি আহমদ।
রোববারের বৈঠকে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে জোটের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করা হয়।
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করার সিদ্ধান্তকে সামনে রেখে এখন নির্বাচনী প্রক্রিয়ায় জোটের পক্ষ থেকে পরবর্তী সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে সংসদে জোটের সমর্থন নিশ্চিত করে প্রার্থীকে বিজয়ী করার কৌশল নিয়েও আলোচনা চলছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইএনবি নিউজ ডেস্ক 























