আন্তর্জাতিক ডেস্ক: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ ভিসার আওতায় কোন কোন কাজ করা যাবে না, তা স্পষ্ট করা হয়েছে।
দূতাবাসের বার্তায় জানানো হয়েছে, সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় সম্পূর্ণ নিষিদ্ধ ও অনুমোদিত নয়।
এ ছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি বা কাজ করা যাবে না। পাশাপাশি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পূর্ণকালীন পড়াশোনা করা কিংবা পারিশ্রমিকের বিনিময়ে কর্মসংস্থানে যুক্ত হওয়াও এ ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন।
ভ্রমণের আগে এসব ভিসার শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে যথাযথভাবে অবগত হওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে সতর্ক করেছে দূতাবাস। এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একই ধরনের সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মূলত ভিসার অপব্যবহার রোধ এবং নির্ধারিত শর্ত মেনে যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত করতেই এসব সতর্কবার্তা দিচ্ছে মার্কিন দূতাবাস।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 





















