আইএনবি ডেস্ক: ছয় দফা দাবি মেনে নেওয়া না হলে আগামী ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
বক্তব্যে জামায়াত আমির বলেন, “দেশের মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পাচ্ছে কি না, কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন কি না এবং ব্যবসায়ীরা চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারছেন কি না—এসব প্রশ্নের উত্তর জনগণ ভালো করেই জানে। এসব সমস্যার সমাধানের জন্যই আজ সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছেন।”
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। ছয় দফা দাবি আদায়ের যে আন্দোলন শুরু হয়েছে, সরকার তা মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই আমরা ঘরে ফিরব।”
কুমিল্লাকে বিভাগ ঘোষণার দীর্ঘদিনের দাবির প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, “১৯৯৪ সালে সিলেট বিভাগ হওয়ার সময় একই সঙ্গে কুমিল্লার দাবিও উঠেছিল। কুমিল্লাবাসীর অপরাধ কী যে আজও তাঁদের বিভাগ দেওয়া হলো না? কুমিল্লার নাম ও বিভাগ নিয়ে আর কোনো টালবাহানা বা অবহেলা করা উচিত নয়। পাশাপাশি নোয়াখালীবাসীর বিভাগের দাবিও সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।”
দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের ভূমিকার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, “নির্বাচনের আগে জনগণকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই সরকার রক্ষা করতে পারেনি।” এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “অন্য কাজে ব্যস্ত না থেকে নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব সঠিকভাবে পালন করুন এবং আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটান।”
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ড. আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
প্রিন্ট

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 


















