আইএনবি ডেস্ক: গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ধোলাইখালে মেয়র সাদেক হোসেন খোকা মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।
সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে যারা বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে এবং মানুষের বুকে গুলি চালিয়েছে, তাদের কোনো ক্ষমা নেই। ইনশাআল্লাহ, প্রত্যেক খুনির বিচার নিশ্চিত করা হবে। যে সরকার বিনা ভোটে দেশ পরিচালনা করে গণতন্ত্রকে হত্যা করেছে, তারা লজ্জাজনক ইতিহাস রচনা করেছে। সেই ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট জানিয়ে দেন।
তিনি আরও উল্লেখ করেন, পতিত আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিদেশে বা সামাজিক যোগাযোগমাধ্যমে জুম মিটিং করে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা প্রচার করছে, সরকারও চায় তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হোন। তাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে, যদিও ভারত সরকার এখনও এর কোনো জবাব দেয়নি। এছাড়া যেসব দেশে সাজাপ্রাপ্ত আসামিরা অবস্থান করছেন, তাদেরও দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু বিচার ও আপিলের সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি।
সরকারের বয়স মাত্র সাত মাস উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এই সময়ের মধ্যে সরকারের ব্যর্থতা খুঁজে বেড়িয়ে যারা লংমার্চের ডাক দিচ্ছে, তাদের উদ্দেশ্য নিয়ে জনগণকে ভাবতে হবে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাজারের তুলনায় দেশের পরিস্থিতি এবং সীমান্ত দিয়ে তেল পাচার রোধ ও আন্তর্জাতিক দরের সঙ্গে ভারসাম্য বজায় রাখতেই সীমিত পরিমাণে দাম বাড়াতে হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশেও তা কমিয়ে আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

জাসদের প্রধান কার্যালয়ে অভিযান, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক 



















