আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কলম্বিয়ার নতুন ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সরকারকে ১০০ কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে। খবর রয়টার্সের।
শনিবার (৮ আগস্ট) পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এই নবায়নকৃত অংশীদারত্বের ভিত্তি হিসেবে, আমাদের অভিন্ন লক্ষ্য অর্জনে প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলার প্রশাসনকে সমর্থন জোগাতে যুক্তরাষ্ট্র কংগ্রেসের সঙ্গে মিলে ১০০ কোটি ডলারের একটি নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণার পরিকল্পনা করছে।
অপরাধ দমন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট শুক্রবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। নির্বাচনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সমর্থন জানিয়েছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ট্রাম্প প্রশাসন কলম্বিয়াকে ‘শিল্ড অব দ্য আমেরিকাস’ জোটে স্বাগত জানিয়েছে। মাদক পাচার রোধের অঙ্গীকার নিয়ে ডানপন্থি নেতাদের সমন্বয়ে ট্রাম্প নিজেই এই সামরিক জোটটি তৈরি করেছেন।
মূলত ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি ও প্রভাব বাড়াতেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। এর আগে এক প্রাণঘাতী অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোকে আটকের নির্দেশ দিয়েছিলেন তিনি। এছাড়া ক্যারিবীয় সাগরে নৌযানগুলোতে মার্কিন সামরিক বাহিনীর একাধিক হামলায় বেশ কয়েক ডজন মানুষের প্রাণহানিও ঘটেছে।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা বলছেন, মার্কিন বাহিনীর এ ধরনের কর্মকাণ্ড বেআইনি, সাম্রাজ্যবাদী এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। তবে ট্রাম্পের দাবি, এগুলো মূলত মাদক পাচার ও অবৈধ অভিবাসন ঠেকানোরই একটি প্রয়াস।
উল্লেখ্য, কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট ও সাবেক বিদ্রোহী গুস্তাভো পেত্রোর সঙ্গে নানা ইস্যুতে ট্রাম্পের প্রকাশ্য বিরোধ ছিল। মার্কিন মিত্র ইসরাইলের গাজায় চালানো ধ্বংসযজ্ঞের জেরে পেত্রো ট্রাম্পকে গণহত্যার সহযোগী হিসেবে অভিযুক্ত করেছিলেন। এছাড়া ক্যারিবিয়ান সাগরে নৌযানের ওপর মার্কিন হামলার জন্য তিনি ফৌজদারি ব্যবস্থা নেওয়ারও জোর দাবি জানিয়েছিলেন। নির্বাচনের সময় দে লা এসপ্রিয়েলাকে ট্রাম্প সমর্থন দেওয়ায় তারও তীব্র সমালোচনা করেছিলেন সাবেক এই প্রেসিডেন্ট।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি 















