আইএনবি ডেস্ক: শেখ হাসিনা দেশের প্রচলিত আইন ও সর্বোচ্চ সংবিধান অনুযায়ী একজন ‘নিষিদ্ধ ব্যক্তি’ এবং তাঁর দলও নিষিদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যাসিবাদের সহযোগী অপশক্তি যত চক্রান্তই করুক না কেন, দেশের শান্তিকামী মানুষ আর তাদের মেনে নেবে না।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “আওয়ামী লীগ বিশুদ্ধ পানিতে নয়, ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে- এটি তাদের পুরোনো কৌশল। মানবতাবিরোধী ভয়ঙ্কর অপরাধের কারণেই তারা নিষিদ্ধ হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া সেই নিষেধাজ্ঞা ও বিচারিক আদেশ এখনো জারি আছে। এখন তারা নানা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়; তবে তারা সম্পূর্ণরূপে বোকার স্বর্গে বাস করছে।”
আইনি সহায়তা ও অধিকারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রিজভী অতীতের উদাহরণ টেনে বলেন, “আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ও দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনি অধিকারের কথা উঠলেই তাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলতেন—পলাতক (ফিউজিটিভ) ব্যক্তির জন্য আইনি সুযোগ-সুবিধা প্রযোজ্য নয় এবং তাদের রাজনীতি করার অধিকার থাকে না। এটা ছিল তাদেরই তৈরি করা বক্তব্য। যারা হাজার হাজার মানুষকে হত্যা করে অপরাধ করেছে, তাদের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার পাওয়ার কোনো আইনি সুযোগ নেই।”
দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, রক্তপাত, হত্যা ও খুনই আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি এবং তারা সেই পথেই ফিরে আসার চেষ্টা করছে। তবে এ দেশের সজাগ ও গণতান্তিক মানুষ ঐক্যবদ্ধভাবে যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এ ছাড়া গণমাধ্যমের বিভিন্ন টকশোতে পতিত সরকারের দোসরদের উচ্চকণ্ঠের বক্তব্য দেশবাসীর কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

শেখ হাসিনা ও তার দল দেশের সংবিধান থেকে নিষিদ্ধ: রিজভী 





















