খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে পৃথক স্থানে পার্কিং করা একটি যাত্রীবাহী ‘চাঁদের গাড়ি’ (জিফ গাড়ি) এবং বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ভোর রাতের দিকে জেলা শহরের পানখাইয়া পাড়া ও গুইমারা উপজেলার হাফছড়িতে এই অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়িটিতে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, প্রায় একই সময়ে রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী আগুন দেখে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কার্যালয়টি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
ঘটনার বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনৈতিক অস্থিতিশীলতা ও নাশকতার অংশ হিসেবেই এই কার্যালয়ে আগুন দিয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী নিশ্চিত করেছেন যে, অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তাছাড়া, জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে বিক্ষিপ্তভাবে গাছ কেটে ও টায়ারে আগুন জ্বালিয়ে পথ অবরোধের চেষ্টার খবর পাওয়া গেছে। উল্লেখ্য, এর আগে গত ৭ নভেম্বর খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়ানো একটি বিআরটিসি বাসেও আগুন দিয়েছিল দুষ্কৃতকারীরা।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা 




















