আন্তর্জাতিক ডেস্ক: অব্যাহত ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস ও তুষারপাতের কারণে নেপালের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে বাংলাদেশিদের পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটক ও পর্বতারোহীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের এই আহ্বান জানানো হয়েছে।
সাময়িক ভ্রমণ সতর্কতায় পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে দূতাবাস জানিয়েছে যে ভারী বৃষ্টির ফলে বিভিন্ন স্থানে ভূমিধস ও কোথাও কোথাও তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মানাং, তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও ভিমথাংসহ কয়েকটি এলাকায় ট্রেকিং সাময়িকভাবে বন্ধ রেখেছে নেপাল কর্তৃপক্ষ। এছাড়া পোখারা, মুস্তাং ও জোমসোমসহ অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের গান্ডাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি নিয়মিত জেনে নেওয়ার এবং আন্নাপূর্ণা ও মানাসলুসহ ভূমিধসপ্রবণ এলাকায় ভ্রমণের আগে আবহাওয়া ও সড়ক পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে এবং ট্যুর অপারেটর ও কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে দূতাবাস জানিয়েছে যে এই ভ্রমণ সতর্কতা কাঠমান্ডু ও এর আশপাশের এলাকার জন্য প্রযোজ্য নয় এবং নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি 














