সাভার প্রতিনিধি: সাভারে আশুলিয়ার একটি ফ্ল্যাট থেকে এক নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা না গেলেও তাদের মধ্যে একজন পুরুষ রয়েছেন, যার গলায় গামছা পেঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফ্ল্যাটের ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিআইডি, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের 


















