আইএনবি ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। এ আয়ের অর্ধেকেরও বেশি এসেছে কেবল ঢাকা বিভাগে।
রেমিট্যান্স প্রাপ্তিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ এবং সবচেয়ে পিছিয়ে রংপুর বিভাগ।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত জেলাভিত্তিক রেমিট্যান্স প্রবাহের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুলাই মাসে দেশে আসা মোট ২৮৫ কোটি ৮৭ লাখ ডলারের মধ্যে সর্বোচ্চ অংশ এসেছে ঢাকা বিভাগে, যার পরিমাণ ১৪৯ কোটি ৮০ লাখ ডলার। আর একক জেলা হিসেবেও শীর্ষে থাকা ঢাকায় এসেছে ১০৫ কোটি ৯৭ লাখ ডলার।
রেমিট্যান্স প্রাপ্তিতে দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম বিভাগে এসেছে ৭৫ কোটি ৮৯ লাখ ডলার। এ বিভাগের মধ্যে সর্বোচ্চ ২০ কোটি ১৮ লাখ ডলার এসেছে চট্টগ্রাম জেলায় এবং দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি ৫৪ লাখ ডলার এসেছে কুমিল্লায়।
এছাড়া নোয়াখালী জেলায় এসেছে ৮ কোটি ৮৩ লাখ ডলার।
প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগ রয়েছে তৃতীয় স্থানে। জুলাই মাসে এ বিভাগে রেমিট্যান্স এসেছে ২৫ কোটি ৫০ লাখ ডলার, যার মধ্যে এককভাবে সিলেট জেলাতেই এসেছে ১৪ কোটি ৩৩ লাখ ডলার।
অন্যান্য বিভাগের মধ্যে খুলনায় ১১ কোটি ৮৭ লাখ ডলার, রাজশাহীতে ৯ কোটি ৩৮ লাখ ডলার, বরিশালে ৫ কোটি ৪৫ লাখ ডলার এবং ময়মনসিংহে ৪ কোটি ৯৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, রেমিট্যান্স প্রবাহে সবচেয়ে পিছিয়ে রয়েছে রংপুর বিভাগ। জুলাইয়ে পুরো বিভাগে প্রবাসী আয় এসেছে ৩ কোটি ডলার। বিভাগের জেলাগুলোর মধ্যে পঞ্চগড়ে এসেছে ১৪ লাখ ডলার এবং লালমনিরহাটে ১৭ লাখ ডলার। এছাড়া পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও রেমিট্যান্স আসার পরিমাণ বেশ কম, মাত্র ১৬ লাখ ডলার।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় 
























