পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন বাহিনী, উভয়পক্ষের তুমুল সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকে খুঁজে পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সরকারি একজন কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই এর দ্বিতীয় ক্রু’কে তুমুল গোলাগুলির পর উদ্ধার করা হয়েছে। তবে এখনো উদ্ধার অভিযান চলছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাইলট এখনো ইরানের ভূখণ্ডেই আছেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকারী দল এখনো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে।

নিখোঁজ ক্রু সদস্যকে নিশ্চিত উদ্ধার করা হলেও তিনি এখনো নিরাপদে নেই। উদ্ধারকারী দলকে সফলভাবে ইরান থেকে বের হয়ে নিরাপদ স্থানে ফিরতে হবে বলে জানান কর্মকর্তারা।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দেহদাস্তে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই অঞ্চলের কাছেই শুক্রবার মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করে ইরান।

নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই নিখোঁজ পাইলটকে খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্র, চলছে তুমুল লড়াই
শুক্রবার ইরানের আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রু’কে খুঁজতে তল্লাশি শুরু করে মার্কিন বাহিনী। ওই ক্রু’কে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করে।

যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানায়, নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে আরেকটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার।

অন্যদিকে ওই নিখোঁজ মার্কিন পাইলটকে পেতে ইরানও ব্যাপক তল্লাশি শুরু করে। তাকে কেউ ধরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও ঘোষণা করে ইরান।

তবে সর্বশেষ খবর অনুযায়ী, মার্কিন বাহিনী ওই পাইলটকে উদ্ধার করেছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।

আইএনবি/বিভূঁইয়া