আইএনবি ডেস্ক:ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে চাকরিতে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কারসহ তিন দফা দাবিতে আড়াই ঘণ্টা অবরোধ করেন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনী সদস্যরা। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন তারা।
রবিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। ‘সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ শীর্ষক ব্যানার প্রদর্শন করে জাহাঙ্গীর গেটের বিপরীত সড়কে দাঁড়িয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরপর দুপুর দেড়টার দিকে আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীদের ছয় জন প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এ সময় আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে তাদের দাবি-দাওয়া পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
আন্দোলনরতদের তিন দফা দাবি হলো, চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে, যদি কোনো সশস্ত্র বাহিনী সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে ও যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু নিজের মামলায় নিজেই লড়তে চান 























