খুলনা প্রতিনিধি : আওয়ামী লীগের খুলনা মহানগর সভাপতি তালুকদার আব্দুল খালেক পুনরায় সভাপতি ও সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অপরদিকে জেলা আওয়ামী লীগে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদকে পুনরায় সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলর অধিবেশনে এ ঘোষণা করেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হবার কিছু নেই। বিএনপি চোরাবালিতে আছে, পথহারা পথিকের মতো। ইতোমধ্যে দুই উইকেট পড়েছে, আরও পড়বে। আন্দোলনের ডাক দেয় শুনি, দেখতে দেখতে এগারো বছর। আন্দোলন হবে কোন বছর ?
বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার মুখে দুর্নীতি বিরোধী কথা শুনলে হাসি পায়। এ যেনো ভুতের মুখে রাম নাম। আপনাদের সময়ে দেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলো।
সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখবেন মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সভাপতিত্ব করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
সম্মেলন পরিচালনা করেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান এবং জেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট সুজিত অধিকারী।
বিশেষ অতিথি ছিলেন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ও আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মসিউর রহমান।
প্রধান বক্তা ছিলেন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি। বিশেষ বক্তা ছিলেন আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, আ’লীগের নির্বাহী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী মির্জা আযম, খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েল, আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আ’লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, আ’লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এড. আমিরুল ইসলাম মিলন, আ’লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

ঢাকায় আকস্মিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত 



















