আন্তর্জাতিক ডেস্ক: শিশুদের হাসপাতালের জন্য সংগৃহীত দাতব্য তহবিলের অর্থ আত্মসাৎ ও অপব্যবহারের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থি রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ। বুধবার (৭ অক্টোবর ২০২৬) কলম্বোর নিজ বাসভবন থেকে ৭৩ বছর বয়সী শিরান্থিকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের স্ত্রী শিরান্থি রাজাপাকসের সঙ্গে সংশ্লিষ্ট ‘সিরিলিয়া সাভিয়া’ নামক দাতব্য সংস্থার মাধ্যমে লেডি রিজওয়ে শিশু হাসপাতালের জন্য একটি বিশেষায়িত স্ক্যানার ক্রয়ের উদ্দেশ্যে ১ কোটি শ্রীলঙ্কান রুপি (প্রায় ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার) অনুদান সংগ্রহ করা হয়েছিল। তবে ইতিপূর্বে চীনা সরকার হাসপাতালটিকে একই ধরনের একটি স্ক্যানার দান করায় সংগৃহীত ওই অর্থ যথাযথভাবে ব্যবহার করা হয়নি বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে সাবেক ফার্স্ট লেডি ও তার পরিবারের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে যে দাতব্য সংস্থার ব্যাংক হিসাবে অনুদানের অর্থ সম্পূর্ণ নিরাপদে রয়েছে এবং কোনো ধরনের আত্মসাতের ঘটনা ঘটেনি।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত সোমবার দেশে ফেরার পর গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে আদালতে আবেদন করলেও আগামী ১২ অক্টোবর তার শুনানির দিন ধার্য ছিল। বর্তমান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সরকার ক্ষমতা গ্রহণের পর রাজাপাকসে পরিবারের সদস্যদের বিরুদ্ধে স্থগিত থাকা দুর্নীতির মামলাগুলো পুনরায় সচল করা হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতে দুর্নীতির অভিযোগে সাবেক এই দম্পতির বড় ছেলে নামাল রাজাপাকসে ও আরেক ছেলে ইয়োশিথা রাজাপাকসেকেও গ্রেপ্তার করা হয়েছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন 























