কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকা থেকে একটি গাড়িসহ তাদের আটক করা হয়।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় পুলিশ এই অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা সবাই কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের দাবি, মহাসড়কে নাশকতা ও ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে ওই নেতাকর্মীরা পুটিয়া এলাকায় জড়ো হয়েছিলেন। বিষয়টি টের পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ঘেরাও করে ফেলেন এবং পরবর্তীতে পুলিশে সোপর্দ করেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনও তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছাত্রদলের সহযোগিতায় এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত ১৬ জন হলেন- হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার সুমন (৩৪), বড় ঘাগটিয়া গ্রামের মো. শাহিন হাসান শুভ (২৬), কারারকান্দি গ্রামের ইমরান (২৬), ইয়াসিন (১৮), মারুফ (২০), শামীম (২২) ও ছোটন (২১); নিলুখী ইউনিয়নের ওপারচর গ্রামের সাইদুর রহমান (৪৫), ভবানীপুর গ্রামের বাদল মিয়া (৪১) ও মো. সারমিন শাহ (৩২); ভাসানিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের ইয়াসিন (২০), মো. মাহাবুব সরকার (২২), মহিবুল্লাহ (১৯), ইমন (১৯) ও মো. হাসান (২১) এবং আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মামুনুর রহমান (৫০)।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার অফিশিয়াল ফেসবুক পেজেও ছবিসহ আটককৃতদের তথ্য প্রকাশ করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের এই ১৬ সদস্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

ঢাকায় আকস্মিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত 





















