যশোর প্রতিনিধি:যশোরে পৃথক দুটি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাত সোয়া ৮টার দিকে প্রথমে যশোর জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর কিছুক্ষণ পরই চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিচারকদের গাড়ি রাখার স্থানে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে পৃথক এই দুটি বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে যশোর প্রেসক্লাবের বিপরীতে অবস্থিত জজ আদালতের প্রাচীর লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে চলাচলরত সাধারণ মানুষ থমকে দাঁড়ান। খবর পেয়ে যশোর জেলা পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আদালতের দেয়ালে লেগে থাকা বিস্ফোরিত বোমার জর্দার কৌটার টুকরা ও আলামত সংগ্রহ করেন।
ঘটনার পরপরই যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় এম তমাল আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে একটি চিহ্নিত চক্র সারা দেশে ধারাবাহিক বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং এরই অংশ হিসেবে যশোরের বিভিন্ন স্থাপনায় আগুন ও বোমা হামলা চালানো হচ্ছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বদরুজ্জামান মোল্লা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ডিবি ওসি জানান, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ ধরনের নাশকতামূলক অপতৎপরতা চালাচ্ছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার জোর তৎপরতা চলমান রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

ঢাকায় আকস্মিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত 





















