বরিশাল প্রতিনিধি: ব্যবসায়ীদের কাছ থেকে স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদাবাজি এবং আড়তদারের ওপর হামলার প্রতিবাদে বরিশালের বৃহত্তর পাইকারি কাঁচা বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর ভাটারখাল এলাকায় বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজারে এই কর্মসূচি পালিত হয়।
হামলার শিকার বাজারের ব্যবসায়ী মো. শাহ আলম মিয়া জানান, গত ৫ আগস্টের পর থেকেই তারা চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ। কাঁচা বাজারের সামনের রাস্তা দখল করে ব্যবসা করা ফড়িয়াদের কাছ থেকে স্থানীয় ভাটারখাল এলাকার বাসিন্দা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন এবং তার ছেলে মুন্না নিয়মিত চাঁদা তোলেন। এর প্রতিবাদ করায় গত রোববার সকালে বাজারের ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়। পরে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে হামলাকারীদের বিচার এবং চাঁদাবাজি বন্ধের দাবি জানান এবং মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘটের আল্টিমেটাম দেন। সেই আল্টিমেটাম অনুযায়ীই আজ ব্যবসায়ীরা এই ধর্মঘট পালন করছেন।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে স্বেচ্ছাসেবক দল নেতা মামুন বেপারী দাবি করেছেন যে, তিনি কোনো চাঁদাবাজি করেন না এবং আড়তদার শাহ আলমের ওপরও তারা কোনো হামলা চালাননি। ৫ আগস্টের আগের চাঁদাবাজি তিনি বন্ধ করেছেন দাবি করে বলেন, সম্প্রতি এক ফড়িয়াকে মারধরের পর পুলিশ একজনকে ধরে নিয়ে গেলে তিনি তাকে ছাড়িয়ে এনেছিলেন—এটাই তার অপরাধ এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
অন্যদিকে, কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন ইসলাম জানান, ব্যবসায়ীর দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি বাবুল আকনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে। ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে সোমবার ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। সেখানে উল্লেখ করা হয়, হামলাকারীরা বাজারসংলগ্ন বস্তিতে মাদক বিক্রিরও মদদদাতা। এই বাজারে ৮০ জন আড়তদার ও ৫০০ শ্রমিক নিয়মিত কাজ করেন এবং তাদের নিরাপত্তা না দেওয়া হলে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই কাঁচাবাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।
আইএনবি/জেএম/বিভূঁইয়া
প্রিন্ট

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা 





















