আইএনবি ডেস্ক:সংকটগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গত দুই দিনে প্রায় ১৪ হাজার গ্রাহক মোট ৫৮১ কোটি টাকা তুলে নিয়েছেন। এর মধ্যে প্রথম দিন সোমবার (৭ সেপ্টেম্বর) প্রায় ৬ হাজার গ্রাহক ২৫৪ কোটি টাকা এবং দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা ফেরত পান।
এর আগে গত ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা ফেরতের আবেদন নেওয়া হয়। এই সময়ে ৭৪ হাজার ২২১টি আবেদনের বিপরীতে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের আবেদন জমা পড়েছিল। গ্রাহকদের মূল আমানতের টাকা ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা হিসেবে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এই ব্যাংকগুলোতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকার আমানত রয়েছে, যার মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবেই রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। নগদ টাকা উত্তোলনের পাশাপাশি গত ৭ সেপ্টেম্বর থেকে ব্যাংকটি অনলাইনে অর্থ স্থানান্তর কার্যক্রমও শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাবের টাকা এবং মেয়াদি আমানতের মূল টাকা উত্তোলন করতে পারবেন। তবে মেয়াদি আমানতের পুরো মূল টাকা এককালীন তুলে নিলে সেটি পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য হবে এবং কোনো মুনাফা দেওয়া হবে না। অন্যদিকে, যারা এখনই টাকা না তুলে আমানত চালু রাখবেন, তারা চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাবেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা 





















