আইএনবি ডেস্ক: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে কোপানো হয়েছে বলেও জানা গেছে।
ঘটনাস্থল থেকে পুলিশ দুটি গুলির খোসা উদ্ধার করেছে।
জানা গেছে, এলোপাতাড়ি গুলিবর্ষণে ওই ব্যক্তি গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এসময় ঘটনায় জড়িত একজনকে আটক করে পুলিশে দেন পথচারীরা।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্যক্তিকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি করা হয়। এতে ওই ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এখনো দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে গুলির পাশাপাশি কোপানো হয়েছে। তাকে গুরুতর অবস্থায় তাকে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া