রাজধানীতে সবজির বাজার চড়া, কমেছে মুরগির দাম

আইএনবি ডেস্ক: রাজধানীর বাজারগুলোতে সরবরাহ বাড়লেও সপ্তাহের ব্যবধানে কমতে দেখা যায়নি সবজির দাম। সব ধরনের সবজি গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। তবে সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কমলেও পেঁয়াজের দাম বেড়েছে।

শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজারে দেখা গেছে দরদামের এমন পরিস্থিতি।

এসব বাজারগুলোতে দেখা গেছে, গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গ্রীষ্মকালীন সব ধরনের সবজি। এসব বাজারে করলা কেজিতে ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, পটল প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা, বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১৪০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, সজিনা ১৮০ থেকে ২০০ টাকা এবং ধুন্দল হাইব্রিড ৫০ টাকা এবং ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে দেশিটা।

কাঁচা আম প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। কাঁচামরিচ কেজিতে ২০ টাকা বেড়ে ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ থেকে ১২০ টাকা এবং হাইব্রিড ৬০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এদিকে বাজারগুলোতে এক হালি লেবু ১০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি ধনে পাতা ২০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ১৫০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৬০ টাকা পিস এবং ক্যাপসিকাম ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা কমে ৩২০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে ১৭০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর ভুঁড়ি ৪০০ থেকে ৪৫০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১২০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাজারে শীতকালীন টমেটো প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, দেশি গাজর ৬০ থেকে ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ফুলকপি মিডিয়াম সাইজের প্রতি পিস ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা এবং লাউ ৫০ থেকে ৮০ টাকা পিস বিক্রি হচ্ছে। লাল শাক আঁটি ১৫ টাকা, লাউ শাক আঁটি ৪০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ২০ টাকা, পালং শাক ২ আঁটি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে প্রকারভেদে ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে।

৩০০ গ্রাম ওজনের ১ কেজি ইলিশ মাছ ১৫০০ টাকা থেকে ১৬০০ এবং ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ২০০০ থেকে ২২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৬০০ টাকায়, দেশি শিং ১২০০ থেকে ১৪০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৯০০ থেকে ১২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকায়, চাষের পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়াল মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২০০ টাকায়, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৪০০ টাকায়, টেংরা মাছ ৫০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৪০০ টাকায় এবং পাঁচমিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুরগির লাল ডিম এক ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়, যা আগের সপ্তাহে ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। হাঁসের ডিম এক ডজন ২০০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে সোনালি কক মুরগির ডিমের হালি।

আ্এনবি/বিভূঁইয়া